• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টানা এক বছর পর বরিশালের আকাশে উড়লো পতাকাবাহি বিমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২১, ১০:০৫ পূর্বাহ্ণ
টানা এক বছর পর বরিশালের আকাশে উড়লো পতাকাবাহি বিমান

বরিশাল ব্যুরো
টানা ১ বছর পর বরিশাল ঢাকা রুটে রাষ্ট্রীয় পতাকাবাহি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিক ও নতুন বিমান শ্বেত বলাকা যাত্রী নিয়ে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। এরপর সেখানে আয়োজিত বরিশাল-ঢাকা রুটে বিমানের ফ্লাইটের এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের এমপি জহিদ ফারুক শামীম।
প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন, আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করছি এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এ দুটির মহালগ্নে আজ বরিশাল-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হওয়ায় আমরা সকলেই গর্বিত ও আনন্দিত। প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আজ বাংলাদেশ সল্পোউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌছেছে এবং তার নেতৃত্বেই আমরা ২০৩১ সালে বাংলাদেশে উচ্চ মধ্যম আয়ে এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে অগ্রসর হচ্ছি। প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশকে যে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে, তার জন্যই বাংলাদেশ বিমানের বহরের সংখ্যা বৃদ্ধি পাওয়া সম্ভব হয়েছে। একটা সময় দেখেছি বিমান চলাচল করতো কিন্তু যাত্রী ছিলো না। কারণ তখন সাধারণ মানুষের আর্থিক সঙ্গতিটা তেমন ছিলো না বিধায় লোকজন টিকিট কেটে বিমানে চড়তো না। কিন্তু এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধশালী দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছি। ফলে বেসরকারি বেশ কয়েকটি বিমান সংস্থার ফ্লাইট চালু থাকার পরও বরিশাল-ঢাকা রুটে টিকিট পাওয়া যায়না। ৩২ শত টাকার টিকিট ৭-৮ হাজার টাকাতেও ক্রয় করতে হচ্ছে।
তিনি বলেন, বরিশাল তথা দক্ষিনাঞ্চলের মানুষ আমরা। অন্যান্য সরকারের সময় এ অঞ্চল অবহেলিত থাকে। শুধুমাত্র মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারে আসে তখন এ অঞ্চলের উন্নয়ন হয়। আজ দক্ষিনাঞ্চলে পায়রা বন্দর হচ্ছে, পদ্মা সেতু শেষের পথে। পদ্মা সেতু থেকে পায়রা বন্দর পর্যন্ত ফোরলেনের রাস্তা হবে, রেললাইন হবে। এগুলো হলে শিল্প-কারখানা স্থাপন বাড়তে থাকবে, মানুষের চাকুরির মাধ্যমে কর্মসংস্থান হবে, অর্থনৈতিকভাবে তারা আরও স্বাবলম্বী হবে।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দিন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশন এনামুল হক, সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, বিমানের বরিশালের মেনেজার প্রশান্ত কুমারসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। ##