• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে চলন্ত ফেরির পরিবহনে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২১, ১৫:০৭ অপরাহ্ণ
ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে চলন্ত ফেরির পরিবহনে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত শুরু

ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সংবাদদাতা :-

ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের ফেরি কলমীলতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভোলা জেলা প্রশাসনের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদারের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি ইলিশা ঘাটে ফেরির মাস্টারসহ ৮ জনের বক্তব্য রেকর্ড করেন। তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার যে ৭ কার্যদিবস বেঁধে দেয়া হয়েছিল আজ ছিলো তার শেষ দিন।

এর আগে, গত ৮ এপ্রিল ফেরি কলমীলতা লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ১৯টি পন্যবোঝাই পরিবহন নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ভোর ৪টার দিকে মেঘনা নদীর ভোলার চর অতিক্রম কালে হঠাৎ ফেরিতে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন জ্বলতে শুরু করে। এর পর ২টি ট্রাক, ৪টি কাভারভ্যান, দুটি পিকাপ ভ্যান ও একটি মটরসাইকেল সম্পুর্ন পুড়ে যায়। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস টিম।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, ভোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফারুক হোসেন ও ভোলা বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ভোলার ম্যানেজার মো. পারভেজ জানান, ওই দিন ফেরিতে থাকা একটি পিকআপ ভ্যানের ককসিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।