নলছিটি প্রতিনিধি- ঝালকাঠির নলছিটিতে করোনায় স্কুল বন্ধের সুযোগকে কাজে লাগিয়ে প্রধান শিক্ষক ও দপ্তরি মিলে বিদ্যালয়ের ২৫ হাজার টাকা মূল্যের লোহার বেঞ্চসহ মালামাল বিক্রি করে দেওয়ার অভিযোগে এলাকাবাসী বাধা দিলে স্কুল মাঠে মালামাল ফেলে ভাঙ্গারী ক্রেতা চলে যায়। গতকাল ২০ এপ্রিল নলছিটি উপজেলার ৬৩ নং মালোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন আহম্মেদ ও এলাকাবাসী জানিয়েছেন, স্কুল বন্ধের সুযোগ নিয়ে ২০ এপ্রিল দুপুরে প্রধান শিক্ষক আবু হেনা মোঃ আলমগীর হোসেন ও বিদ্যালয়ের দপ্তরি মিলে এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে, ২৫ হাজার টাকায় বিদ্যালয়ের লোহার বেঞ্চ ও লোহার অনেক মালামাল বিক্রি করে। ভাঙ্গারী ক্রেতা মালামাল বিদ্যালয় থেকে মাঠে বের করলে এলাকাবাসী বাধা দিলে স্কুল থেকে প্রধান শিক্ষক ও দপ্তরি চলে যায়। তখন বাধার মুখে ভাঙ্গারী ক্রেতাও মালামাল স্কুল মাঠে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে নলছিটি উপজেলা শিক্ষা অফিসার বলেছেন, বিদ্যালয় থেকে অনুমতি ব্যতিরেকে মালামাল বিক্রি করা উচিত হয়নি। এর সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন আহম্মেদ জানিয়েছেন, কয়েকদিন আগেও প্রধান শিক্ষকে বলছি বিদ্যালয় থেকে একটি সুতাও বিক্রি করা হবে না। তারপরও সে করোনায় স্কুল বন্ধের সুযোগে কারো অনুমতি ছাড়াই লক্ষ টাকার মালামাল মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করে আত্মসাৎ করার পায়তারা করছিল। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে তা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা অফিসারকে অবহিত করা হবে বলে তিনি জানিয়েছেন।।
এ ব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ও বলেন স্কুলে উন্নয়নের কাজ চলে তাই পুরানো মাল বের করে রাখা হয়েছে