• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাস্ক পরতে বলায় চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেয়ায় বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২১, ১৫:৩৬ অপরাহ্ণ
মাস্ক পরতে বলায় চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেয়ায় বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধি-
মাস্ক পরতে বলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে লাঞ্ছিতের পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় তাকে সোমবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম খান মোঃ আবুল কালাম। তিনি বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এর আগে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে ছাত্রলীগ নেতা খান মোঃ আবুল কালামের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা করেন ঘটনার শিকার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে তিনি (ডাঃ মনিরুজ্জামান খান) হাসপাতালে দায়িত্ব পালনকালে ছাত্রলীগ নেতা খান মোঃ আবুল কালাম মাস্ক না পরে জরুরি বিভাগে প্রবেশ করেন। এসময় আবুল কালামকে তিনি মাস্ক পরে আসতে অনুরোধ করেন। তিনি সে কথায় ভ্রুক্ষেপ না করে তার শিশু সন্তান ডায়রিয়ায় আক্রান্ত দাবি করে তাকে ক্যানোলা পরাতে পীড়াপীড়ি করতে থাকেন। এসময় তিনি ছাত্রলীগ নেতা আবুল কালামকে বলেন, আগে মাস্ক পরে আসেন, এরপর আপনার সব কথা শোনা হবে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আবুল কালাম। তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পান। এসময় চিকিৎসক পুলিশকে ফোন দেয়ার চেষ্টা করলে তাকে বাধা দেন আবুল কালাম। একপর্যায়ে তার ফোনটি কেড়ে নেয়ার চেষ্টাও করেন। পরে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা এগিয়ে এলে তাদের সামনেই প্রাণনাশের হুমকি দেন ছাত্রলীগ নেতা কালাম।

চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান খান বলেন, এ ঘটনার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাদের নির্দেশনা পেয়ে তিনি বিকেলে থানায় মামলা করেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, সরকারি কাজে বাধা ও হুমকির ঘটনায় বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় আবুল কালাম খান নামের এক ছাত্রলীগ নেতাকে আসামি করা হয়। মামলার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।