মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর তালতলী উপজেলার পচাকোড়ালিয়ায় প্রতি বছরের ন্যায় এ বছরও বৈশ্বিক মহামারী ও করোনাকালীন সময়ে ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী (বস্ত্র) বিতরণ করেছে কিশোর কলি উন্নয়ন পরিষদ।
বৃহস্পতিবার (১৩ মে) সকাল ১০ টায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস হামিদা এ্যনী’র সার্বিক সহযোগিতায় ওই এলাকার শতাধিক হতদরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী(বস্ত্র) বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোর কলি উন্নয়ন পরিষদের সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল, পচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবাহ উদ্দিন মিরাজ, ছোট বগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অলিউল ইসলাম জুয়েল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবছর কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিববুল্লাহ তার ব্যক্তিগত উদ্যোগে কিশোর উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠাকালীন সময়ে যে সকল সদস্যরা ছিলেন তাদের ঈদ উপহার হিসেবে একটি করে টি-শার্ট উপহার দেন।
কিশোর কলি উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মিসেস হামিদা এ্যনী বলেন, কিশোর কলি উন্নয়ন পরিষদ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই হতদরিদ্রদের মাঝে ঈদ ও শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে তালতলী উপজেলার মানুষের জীবনমান উন্নয়নে আমাদের সকল সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।