বেতাগী (বরগুনা) প্রতিনিধি
আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী নারী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার (১৯ মে) সকাল ১১ টায় বেতাগী প্রেসক্লাবের আয়োজনে বিষখালী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দীকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার। এসময় এর সাথে একাত্মতা প্রকাশ করে আলোচনায় অংশ গ্রহণ করেন, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি অধ্যক্ষ হমায়ূন কবির হিরু ও বিডি প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অলি আহম্মেদের সঞ্চালনায় আধা ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সর্বস্তরের শুভানুধ্যায়ীসহ মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মী এবং সচেতন নাগরিকবৃন্দ ।
প্রতিবাদ সমাবেশে এর নিন্দা, তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে বক্তারা রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি, হেনেস্থাকারী দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানানানো হয়।