মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরের পাশে খেলা করার সময় সাপের ছোবলে আব্দুল হামিদ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল হামিদ ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে খেলা করতে যান শিশু আব্দুল হামিদ। এসময় রান্নাঘরের বারান্দায় থাকা একটি গর্তে পা পড়ে ছোট্ট শিশু হামিদের। পা সরাতেই কি যেন কামড়ে দেয় তাকে। মা-বাবা জিজ্ঞেস করলে বলে, মুরগি ঠোকর দিয়েছে তাকে।
এর কিছুক্ষণ পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিশু আব্দুল হামিদ। তার শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে সাথে সাথে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের পিতা মোঃ খলিল মিয়া চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। এক ছেলেকে নিয়ে ভালোই চলছিল তার সংসার। ছেলেকে হারিয়ে এখন নিঃস্ব তার পরিবার।