সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সত্তর ঢালী(৬০) ও ছিদ্দিক কবিরাজ (২৮) নিহত হয় এবং উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু হাওলাদার (৫৫), সোহাগ সরদার (২৩), ভুট্টু সরদার(২৫), জয়নাল আবেদীন (৪০) ও সুমন সরদার (২১) গুরুতর আহত হয়েছে। স্হানীয়রা গণমাধ্যমকে জানান, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার সময় সলদী গ্রামের কালাম রাড়ির মেয়ের বিয়ে অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন সময় কে বা কাহারা ঐ বিয়ে বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরই জের ধরে ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালাম বেপারী ও ধূলখোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল ঢালী গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা,পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২ জন নিহত ও ৫ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওসি আবুল কালামের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় ৫/৬ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।