বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু ও তাঁর পরিবার নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। এদিকে এমন ঘটনার নিন্দা ও বিচার দাবি করেছে সচেতন মহল।
অভিযুক্ত জি এম ইকবাল মাহমুদ প্রতিষ্ঠানটির অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সুব্রত কুমার দাস জানান,ফেসবুকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ও কটুক্তি করায় ইকবাল মাহমুদের বিচার চেয়ে একটি অভিযোগ করেছে শিক্ষার্থীরা। লিখিত অভিযোগের সাথে কিছু প্রমাণাদি যুক্ত করে দিয়েছে তারা।
এই শিক্ষক বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে এ ধরণের আচরণ কখনোই কাম্য নয় আমাদের । আমরা প্রাথমিক তদন্ত শেষে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।
তবে এরই মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীর বিচারের দাবিতে সোচ্চার হয়েছে অনেকে। সেখানকার গণিত বিভাগের শিক্ষার্থী ফজলুল হক রাজিব বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে যেকোনো ধরণের অপমানসূচক বক্তব্য মেনে নেবার মতো নয়। আমরা আশা করছি প্রশাসন এ ধরণের ধৃষ্টতার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।
কিন্তু অভিযুক্ত ইকবালের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কিছু প্রভাবশালী শিক্ষকদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পরেছে দাবি করেন এই শিক্ষার্থী । তবে বিচারের ক্ষেত্রে এসব শিক্ষকেরা কোন প্রভাব বিস্তার করবে না এমনটাই প্রত্যাশা করেছেন তিনি।
এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এড.গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যেকোনো ধরণের কটুক্তি, বিষোদগার বা ভ্রান্ত বক্তব্য ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ। সামাজিকভাবেও বিষয়টি নিন্দনীয়।
তবে অভিযোগের ব্যাপারে কথা বলতে জিএম ইকবাল মাহমুদের মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোন সাড়া দেন নি।তবে গত ২৩ মে তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে স্ট্যাটাস পোস্ট করে বিষয়টিকে ‘শব্দ ব্যবহারে অসচেতনতা’ জনিত ভুল বলে উল্লেখ করেন। ##