বরিশাল প্রতিনিধি
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন। রোববার বেলা ১২ টায় বরিশালে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বরিশাল – পটুয়াখালী মহাসড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কোনোকিছু আজ বন্ধ নেই কিন্তু নানা অজুহাতে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। শিক্ষার্থীদের মাসের পর মাস ঘরে বসিয়ে রেখে সরকার কতটুকু ছাত্রসমাজের উপকার করছে সে প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না।
বক্তারা আরো বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী লেখাপড়া থেকে ঝড়ে পরেছে। এছাড়া সকলের শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি সৃষ্টি হয়েছে। এসব অপূরণীয় ক্ষতির পরিমাণ আর বৃদ্ধি করা যাবে না। তাই যত দ্রুত সম্ভব করোনা প্রতিরোধী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে।
ইশা ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন, বরিশাল মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম তৌহিদ বাশার, সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।##