বাকেরগঞ্জ প্রতিনিধি-
সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহন একটি নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত। বাকেরগঞ্জের কলসকাঠীতে সুষ্ঠভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেলক্ষে ভোট কেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কলসকাঠী ইউনিয়নের দক্ষিণ নারাঙ্গল গ্রামের মৃত জালাল খন্দকারের পুত্র মোঃ জুয়েল খন্দকার ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয় থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ৯নং ওয়ার্ড (নারাঙ্গল ও ক্ষুদ্রকাঠী) এ দুটি গ্রাম নিয়ে গঠিত। এ ওয়াডের ভোটার সংখ্যা ২৩৩৮। এর মধ্যে নারাঙ্গল গ্রামের ভোটার ১৪৩৯ এবং ক্ষুদ্রকাঠী গ্রামের ভোটার ৮৯৯। কলসকাঠী ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয়টি ৯নং ওয়ার্ডের এক প্রান্তে অবস্থিত। সবচেয়ে বেশি ভোটার নারাঙ্গল গ্রামের ভোটারদের প্রায় ২-৩ কিলোমিটার পায়ে হেঁটে ক্ষুদ্রকাঠী ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয়। যে কারনে ওই গ্রামের ভোটাররা তাদের ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেন। ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের বাড়ির নিকটবর্তী। তার বাড়ি থেকে ভোট কেন্দ্রের দূরত্ব মাত্র ৫০ মিটার। তাছাড়াও নারাঙ্গল ও ক্ষুদ্রকাঠী এ দুটি গ্রামের একজন ভোটাররাও চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের বাড়ির সামনের রাস্তা ছাড়া ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন না। ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের বাসা সংলগ্ন কেন্দ্র হওয়ার কারণে বিগত নির্বাচনে তিনি নিজের বাসায় বসেই ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করে প্রভাব বিস্তার করেছেন। এজন্য অনেক ভোটার বিগত নিবাচনে ভয়েও ওই কেন্দ্রে ভোট দিতে যায়নি। যাহা ২০১০ সালের ১৬ আগষ্ট তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনের ৭৫নং ক্রমিকের বর্ণিত বিধানের পরিপন্ত্রী। এছাড়াও ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি খায়রুল আনাম তালুকদার চেয়ারম্যান প্রার্থী ফয়সাল ওয়াহিদ তালুকদার মুন্নার আপন চাচা হওয়ায় ওই ভোট কেন্দ্রটি ভৌগোলিক ও প্রশাসনিকভাবে তারা নিয়ন্ত্রণ করেন। এলাকাবাসী ভোট কেন্দ্রটি ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয় থেকে পরিবর্তন করে ৮৭নং নারাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার অথবা দক্ষিণ নারাঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে সরিয়ে নেয়ার দাবি জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার নিকট ১৫ ফ্রেব্রুয়ারি লিখিত আবেদন করলেও তিনি কোন ব্যবস্থা না নিয়ে ভোট কেন্দ্রটি ওয়ার্ডের এক প্রান্ত ক্ষুদ্রকাঠীতেই বহাল রেখেছেন। যা ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালার ৭নং ক্রমিকের ন্যায় বিচারের পরিপন্থী। এলাকাবাসী অবিলম্বে ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি বর্তমান চেয়ারম্যান প্রার্থীর বাসভবন সংলগ্ন ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অন্যত্র সরিয়ে নিরপেক্ষ, প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আলাপকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, ভোট কেন্দ্রের তালিকা হয়ে গেছে। এর আগে তার নিকট এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তার এখন কিছুই করার নেই। এখন এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার স্যারের নিকট অভিযোগ দিলে তিনি ব্যবস্থা নিতে পারেন।