মোঃ মেহেদী হাসান,বরগুনাঃ
বরগুনায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. এম মজিবুল হক কিসলু ও তার সমর্থকদের ওপর হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। এসময় ১৪টি মোটরসাইকেল ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহত দুইজন হলেন, মজনু ও হেলাল শরীফ। তাদের শরীরে এলোপাথাড়ি কোপ ও মাথায় টোটার আঘাত রয়েছে।
শনিবার (১২ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়নের নয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ হামলায় অভিযুক্তের নাম মোশাররফ হোসেন। তিনিও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৫নং পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্তমান চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে রামরা বাজারের দিকে যাচ্ছিলেন নৌকার প্রার্থী এম মুজিবুল হক কিসলু। হঠাৎ গতিরোধ করে নয়া বাজার এলাকায় তাদের ঘেরাও করে দেশীয় অস্ত্র রামদা, ছেনা, টেটা, বল্লম নিয়ে তাদের ওপর হামলা চালায় মোশাররফ হোসেন ও তার সমর্থকরা। কেউ যাতে পালাতে না পারে তাই হামলার আগে নয়াবাজার ব্রিজের স্লিপার উঠিয়ে ফেলেছিল হামলাকারীরা।
আরও পড়ুন: টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
অ্যাড. এম মজিবুল হক কিসলু অভিযোগ করে বলেন, হামলায় তিনিসহ ৩০ জন আহত হয়েছেন। পুলিশ এসে তাদের উদ্ধার করেছে। আজ সন্ধ্যায় থানায় মামলা দায়েরের পাশাপাশি জেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করা হবে।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম মিলন ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ইতিমধ্যে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। নির্বাচনী জেরে হামলার ঘটনা ঘটেছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে