গৌরনদী প্রতিনিধি \ আন্তঃজেলা ইজিবাইক ছিনতাইকারী চক্রের এক সদস্য আরিফুজ্জামান রুবেল (২৮) কে ছিনতাইকাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ আটক করেছে পুলিশ। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আরিফুজ্জামান রুবেল নড়াইল জেলার লোহাগাড়া থানা এলাকার গুপিনাথপুর গ্রামের জাফর আলী খানের পুত্র। শনিবার রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মাহিলাড়া নামক এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ছিনতাইকারী চক্রের সদস্য রুবেলকে আটক করা হয়। উল্লেখ্য, গত ১ জুন মহাসড়কের উজিরপুর উপজেলার সাজু ফিলিং ষ্টেশন এলাকা থেকে স্থানীয় সাইফুল ইসলাম নামের এক ইজিবাইক চালকের গলায় গামছা পেঁচিয়ে নির্জনস্থানে নিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা। এরপূর্বে উজিরপুরের উত্তর মোড়াকাঠী গ্রামের ইজিবাইক চালক মামুন রাঢ়ীকে জবাই করে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়াও গত কয়েক মাসের ব্যবধানে মহাসড়কের গৌরনদী ও উজিরপুর এলাকায় একাধিক ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে ছিনতাইকারী চক্রটিকে আটক করার জন্য হাইওয়ে পুলিশের অতিরিক্ত আই…