মাসুদ রেজা ফয়সাল
রিপোর্ট 71 বামনা(বরগুন) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বামনা সদর ও রামনা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচিত হয়েছে এবং বুকাবুনিয়া ইউনিয়ন ও ডৌয়াতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে।
বামনা সদর ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বামনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও এ্যাড. চৌধুরী কামরুজ্জামান সগির বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী বামনা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ এনায়েত কবির হাওলাদার (চশমা)।
বুকাবুনিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বামনা উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সবুজ (চশমা) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী মোঃ লিটন মোল্লা (আনারস)।
রামনা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বামনা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জোমাদ্দার(নৌকা) নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাড. মোঃ আঃ খালেক জোমাদ্দার (আনারস)।
ডৌয়াতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বামনা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আলহাজ্ব মিজানুর রহমান মিজান (আনারস) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ডৌয়াতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুল ইসলাম নিজাম মৃধা (নৌকা)।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার বলেন, আমরা উপজেলা প্রশাসন চেষ্টা করেছি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে, সকলের সহযোগীতায় আমরা সক্ষম হয়েছি। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সফল হয়েছি।
নির্বাচনে বামনা সদর ও ডৌয়াতলা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বামনা উপজেলা নির্বাচন অফিসার মোঃ খালিদ বিন রউফ এবং বুকাবুনিয়া ও রামনা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন বামনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সাকিল আহমেদ।