বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণে অনিয়ম এবং ভোট গণনায় সূক্ষ্ম কারচুপি করে ফলাফল পাল্টে দিয়ে সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ আফজাল হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে পরাজিত করার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় ৩ শতাধিক ভোটারকে নিয়ে ইউপি সদস্য প্রার্থী আফজাল হোসেন এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে অভিযোগকারী আফজাল হোসেন বলেন, ‘বেতাগী সদর ইউনিয়নের ৫নং ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোট গণনাসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আমাকে ১৪৮ ভোটের ব্যবধানে ষড়যন্ত্র করে পরাজিত করেন। আমার ভোট সূক্ষ্মভাবে আমার প্রতিদ্বন্দ্বী জয়ী প্রার্থী মিজানুর রহমান সুমনের টিউবওয়েল মার্কায় দেখানো হয়েছে। প্রিসাইডিং অফিসার মোটা অংকের টাকার বিনিময়ে ভোটের ফলাফল পাল্টে দেয়। আমি পুনরায় ভোট গণনার দাবি জানাই।
বেতাগী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রিসাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, ইভিএমে ভোট কারচুপির কোন সুযোগ নেই। পরাজিত প্রার্থী কেন্দ্র থেকে ভোটের ফলাফল সংগ্রহ করেন নি। তিনি চাইলে আমার অফিস থেকে যেকোনো সময় ফলাফলের কপি সংগ্রহ করতে পারবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী সহিদুল ইসলাম বলেন, ইভিএম পদ্ধতিতে একজনের ভোটের ফলাফল অন্যজনকে দেখানোর কোন সুযোগ নেই। এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া। অভিযোগকারী পরাজিত প্রার্থী বাহিরে অভিযোগ করলেও এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেন নি।