বাবুগঞ্জ প্রতিনিধি।।
চলমান লকডাউনের ৩য় দিনে সরকারের নির্দেশনা উপেক্ষা করে হোটেল রেস্তোরাঁ খোলা রাখা, সড়কে গাড়ী চালানো, অযথা ঘুরে বেড়ানো ও দোকান খোলা রাখার অপরাধে অভিযুক্তদের আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দিনভর বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ও কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস মহামারী চলাকালীন লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্য বিধি পরিপালন ও মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. অামীনুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনাকালীন চায়ের দোকান খোলা রেখে জনসমাগম সৃজন করা ও রাস্তায় মাস্ক পরিধান ব্যতিরেকে চলাফেরা এবং সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০, অনুযায়ী ১২ ব্যক্তিকে ১৭ হাজার ৩৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
মোবাইল কোর্ট শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমীনুল ইসলাম জানান যে, জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মোবাইল কোর্টের আইনানুগ কার্যক্রমে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অপরদিকে, শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ বন্দর বাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে খাবার হোটেল খোলা রেখে খাবার পরিবেশন করার অভিযোগে সহকারী কমিশনার ভূমি মো. মিজানুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টে ২ জন হোটেল মালিক নজরুর ইসলাম ও ইমরান কে ২০ হাজার টাকা ও পাচরাস্তা নামক স্থানে অারিফ নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়াও শনিবার লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন থানা পুলিশ। এ সময় নেতৃত্ব দেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান।