মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা সংক্রমনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে । প্রতিদিনই করোনা পজেটিভ রোগী শনাক্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
গতকাল শনিবার নতুন করে আরও ১৯ জনের নমুনা পরিক্ষায় ১১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে গত ৪ দিনে ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৬ জুলাই) একজনের মৃত্যু হয়েছে। এতে অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে উপজেলাবাসী।
এখন পর্যন্ত উপজেলায় মোট ৬৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৩৩ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ জন এবং দুইজনের মৃত্যু হয়েছে। বাকি ৩৫ জন নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মির্জাগঞ্জে করোনা রোগীর সংখ্যা পূর্বের তুলনায় আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শনিবার ১৯ জন রোগীর নমুনা সংগ্রহ করে রেপিড এন্টিজেন পরীক্ষার মাধ্যমে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্যবিধি না মানায় আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তিনি।
সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থাকা, সকল প্রকার স্বাস্থ্যবিধি মানা ও সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন।