অারিফ হোসেন, বাবুগঞ্জ :
করোনার এই ক্রান্তিকালে ভালো নেই বরিশাল জেলা শহরের প্রাণকেন্দ্র বাবুগঞ্জ উপজেলার পত্রিকার হকাররা।
তারা অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন। করোনা মহামারির কারণে সংবাদপত্রের গ্রাহক ও পাঠক সংখ্যা কমে যাওয়ায় এ এলাকার হকারের আয়ও কমে গেছে। এতে করে পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন মানুষের দুয়ারে সংবাদ পৌঁছে দেয়া এই মানুষগুলো।
খোঁজ নিয়ে জানা যায়, মহামারি করোনার আগে বাবুগঞ্জ ও আশপাশের এলাকাজুড়ে ১০ জন হকার প্রতিদিন পত্রিকা বিলি করতেন। করোনা মহামারির কারণে এখন কমে ৫ জনে দাঁড়িয়েছে।
পত্রিকার হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনার মহামারির কারণে বিভিন্ন অফিস করোনা ছড়ানোর ভয়ে পত্রিকা রাখা বন্ধ করে দেয়। বিভিন্ন ষ্টেশনে সরকারি ও বেসরকারি অফিসে ১ হাজার পত্রিকা বিলি করতেন হকাররা। এখন অনেক জায়গায় পত্রিকা নেয়া বন্ধ রয়েছে।
রহমতপুর এলাকার সুলতান বুক স্টল নামক পত্রিকার এজেন্সির কর্নধার সুলতান আহমদ সাংবাদিকদের বলেন, ‘করোনার কারণে প্রতিদিন পত্রিকা বিক্রি কমেছে। গত দেড় বছরের বেশি সময় ধরে করোনা মহামারির কারণে স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ। ফলে এসব জায়গায় পত্রিকা বিক্রি হচ্ছে না। এমনকি বাসাবাড়িতেও অনেকে পত্রিকা রাখছেন না। আমরা কষ্টে আছি।’
দোয়ারিকা ক্ষুদ্রকাঠী এলাকার হকার মুজিবুর রহমান বলেন, করোনার প্রথমদিকে পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যায়। আমরা তো চাইলেই এখন অন্য পেশায় যেতে পারি না। দু-একজন হকারের পাশাপাশি অন্য ব্যবসা আছে। বাকিদের পত্রিকা বিক্রি করে সংসার চলে।