• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরো ১৮৭ জনের মৃত্যু,মোট প্রাণহানি ১৭,৪৬৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১৬, ২০২১, ১৬:২৪ অপরাহ্ণ
করোনায় আরো ১৮৭ জনের মৃত্যু,মোট প্রাণহানি ১৭,৪৬৫

ডেস্ক রিপোর্ট:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৪৬৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৯৪৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭১ লাখ ৮৬ হাজার ৩৮৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৬৮ জন। এছাড়া খুলনায় ৩৯, চট্টগ্রামে ৩৬, রাজশাহীতে ১৪, বরিশালে ৮, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৩ জন পুরুষ এবং ৭৪ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ১৬৬ জন এবং নারী ৫ হাজার ২৯৯ জন।