• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৫, ২০২১, ০৬:৫০ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কোভিড-১৯ প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে দুই সপ্তাহের কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম।

এ অভিযানে দিনের প্রথম ভাগে উপজেলার চাখার বাজার ও বানারীপাড়া-বরিশাল সড়কে আইন অমান্য করে যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৫টি মামলায় ৭ হাজার ৩ শত টাকা এবং দ্বিতীয় ভাগে বিকাল ৩টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৬টি মামলায় মোট ৩ হাজার ৫ শত টাকাসহ মোট ২১টি মামলায় ১০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড করা হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে।