দুমকি(পটুয়াখাল)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে লকডাউনের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স, মালামাল পরিবহনের পিকআপভ্যানসহ বিভিন্ন পরিবহনে চেপে ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহন করায় চালকসহ ২০ জনকে জরিমানা ও একজনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জুলাই) রাত দেড় টার দিকে লেবুখালী ফেরিঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ।
নির্বাহী মাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করে কিছু অসাধু ব্যক্তিরা গভীর রাতে মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে দুমকিসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহনের খবর পেয়ে লেবুখালী ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৪টি মাইক্রোবাস চালক ও ১৬ যাত্রীকে ১৫ হাজার ৫শ’ টাকা এবং একজন চালককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তিনি আরও জানান, করোনা সংক্রমণ রোধে ও লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।