মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বেড়েছে টিকা নেওয়ার মানুষের সংখ্যা। করোনার টিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচেপড়া ভিড় দেখা গেছে। মানুষের গাদাগাদিতে অনেকেই টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন।
করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে উপজেলায় সাধারণ মানুষের টিকা নেয়ার আগ্রহ বাড়তে থাকে। সারা দেশের ন্যায় মির্জাগঞ্জেও গত শনিবার (৭ আগস্ট) থেকে গণটিকা শুরু হলে জনসাধারণের মাঝে টিকা নিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। কিন্তু টিকা সংকটের কারণে এ উপজেলায় শুধুমাত্র ওই একদিনই ৩ হাজার ৬শত ৬০ জনকে গণটিকা দেওয়া হয়। ওইদিন টিকা নিতে না পেরে অনেকেই টিকা নেওয়ার জন্য এখন হাসপাতালে ভিড় করছেন। কেউ মেসেজ পেয়ে আসছেন, আবার অনেকে মেসেজ না পেয়েও ভিড় করছেন। এ অবস্থায় বেশ কয়েক দিন ধরে টিকা প্রদানে ডাক্তার ও নার্সদের হিমশিম খেতে দেখা গেছে।
সোমবার (৯ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে। সকাল থেকে টিকা নিতে আসা মানুষের ভিড় বাড়তে থাকে। সকাল ৯ টাকা থেকে দুপুর পর্যন্ত ১টি বুথের মাধ্যমে একটানা চলে এই টিকাদন কর্মসুচি।
এ সময় অনেকে অভিযোগ করে বলেন,এখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা নেই। ফলে এখান থেকেই করোনা ছড়ানোর সম্ভাবনা বেশি। দ্রুত বুথ বা কেন্দ্র বাড়ানো উচিত।
টিকা নিতে আসা মোঃ ওমর ফারুক হাওলাদার জানান, সকাল ৯ টা থেকে অপেক্ষায় আছি কারণে এখন পর্যন্ত টিকে দিতে পারিনি। এত ভিড় দেখে ভয় লাগছে টিকা নিতে এসে আবার করোনা নিয়ে ঘরে ফিরবো না তো? এছাড়া টিকা প্রদানে কোনো নিয়ম-শৃঙ্খলা নাই! যে যার মতো ঠেলাঠেলি করে টিকা নিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আমরা চেষ্টা করছি শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি মেনে টিকা দেয়ার। কিন্তু ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে। পুলিশের সহায়তা নিয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে কাজ করছি। এছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে খুব দ্রুত বুথ বাড়ানো হতে পারে বলে জানান তিনি।