গৌরনদী প্রতিনিধি \ পূর্ব বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) ও ৭নং ওয়ার্ড (ধানডোবা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ইউনিয়নের মোক্তার বাজার নামক এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন আহত সহিদুল ইসলাম জানান, গত জুন মাসে সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একই ওয়ার্ডের বিজয়ী মেম্বার শিমুল সরদারের সাথে তার পূর্ববিরোধ রয়েছে। তারই ধারাবাহিকতায় বিজয়ী মেম্বার শিমুল সরদার বিভিন্ন সময়ে তাকে (সহিদুল) ও তার কর্মী সমর্থকদের মারধরের চেষ্টা চালিয়ে আসছিলো।
ঘটনার দিন শুক্রবার (১৩ আগষ্ট) বিকেলে ধানডোবা গ্রামের বাড়ী থেকে টরকী বন্দর যাওয়ার পথে মোক্তার বাজার নামক এলাকায় পৌঁছলে শিমুল সরদার ও তার সমর্থক বেল্লাল বেপারী, মোবারেক বেপারী, সোহাগ সিকদার ও রনি, জিহাদুল সিকদারসহ একাধিক ব্যক্তিরা তার (সহিদুল) পথরোধ করে তাকে (সহিদুল) পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার সাথে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। তিনি আরও জানান, হামলাকারীদের তিনি (সহিদুল) প্রতিরোধ করার চেষ্টা করলে স্থানীয় মোশারফ ফকির নামের এক ব্যক্তি তাকে (সহিদুল) ঝাপটে ধরে হামলা করার সুযোগ তৈরি করে দেয়।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, অভিযোগের তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।