• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তালেবানের সমর্থনে পোস্ট নিষিদ্ধ করলো ফেসবুক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ণ
তালেবানের সমর্থনে পোস্ট নিষিদ্ধ করলো ফেসবুক

ডেস্ক রিপোর্ট:
তালেবানকে নিষিদ্ধ ঘোষণা করলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সংগঠন এবং এর সমর্থনে যেকোন ধরণের পোস্টও নিষিদ্ধ করা হয়েছে ফেসবুকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তান বিষয়ে পোস্ট দিলেই মুছে যাচ্ছে, এমন অভিযোগ শোনা যাচ্ছিল দুদিন ধরে। কাউকে কাউকে সাময়িকভাবে পোস্ট শেয়ার কিংবা কমেন্টসে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, এমন তথ্যও জানা যাচ্ছিল। এমনটি কেন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারছিলেন না।

অবশেষে বিষয়টি পরিস্কার করলো ফেসবুকই। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তালেবানকে সন্ত্রাসী সংগঠন মনে করে ফেসবুুক। তাই তাদের সব পোস্ট, তাদের সমর্থন করে এমন লেখা ও ভিডিও কন্টেন্ট নিষিদ্ধ।

ফেসবুকের এক মুখপাত্র জানান, তালেবান সংক্রান্ত কনটেন্ট নজরদারি এবং যাচাইবাছাই করতে আফগান বিসশেষজ্ঞ দল নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ফেসবুকের মালিকানাধীন ইস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেও নিষিদ্ধ করা হয়েছে তালেবানকে।

যদিও তালেবান সদস্যরা যোগাযোগের জন্য এখনও হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে বলে বিভিন গণমাধ্যমে বলা হচ্ছে। মার্কিন আইনে তালেবান একটি জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ।

এ কারণেই তাদের ফেসবুকও নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন অনলাইন এই প্ল্যাটফর্মের মুখপাত্র। বেশ অনেক বছর ধরেই বভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতাদর্শের বার্তা দিয়ে আসছে তালেবান।

তবে এবিষয়ে নেট দুনিয়ায় নানা সমালোচনা সত্ত্বেও এখনও কোনো ব্যবস্থা নেয়নি প্রযুক্তি দুনিয়ার দুই জায়ান্ট ইউটিউব ও টুইটার। যদিও সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দেয় এমন কার্যক্রমে সমর্থন না দেয়ার বিষয়টি রয়েছে তাদের নীতিতে।