• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউন্সিলর মান্নাসহ ১৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২১, ১৯:২৮ অপরাহ্ণ
কাউন্সিলর মান্নাসহ ১৮ জন গ্রেফতার

ব‌রিশা‌লে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের মধ্যে সংঘ‌র্ষের ঘটনায় পু‌লি‌শের দা‌য়ের করা মামলার আসামী হিসেবে বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাইদ আহমেদ মান্নাকে। এই নিয়ে শুক্রবার রাত পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মামলার ১৮ আসামী।

এদিকে আজ শুক্রবার রাতে নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপনের বাসায় অভিযান পরিচালনা করেছে নগর পুলিশের একটি টিম। এদিন আরো বেশ কিছু জায়গায় আসামী আটকের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা ও ডিবি পুলিশের কয়েকটি দল।

নগরীর কোতয়ালি থানা পুলিশের দায়েরকৃত মামলার দুই নম্বর আসামী ব‌রিশাল সি‌টি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ও ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক শেখ সাই‌য়েদ আহ‌ম্মেদ মান্না‌কে শুক্রবার রাত ৯টা ৪৫ মি‌নি‌টে রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মস‌জিদ এলাকার বো‌নের বাসা থে‌কে ডি‌বি প‌রিচ‌য়ে সাদা পোষাকধারীরা নি‌য়ে গে‌ছে। নি‌শ্চিত ক‌রে‌ছেন মান্নার বোন আসমা আক্তার।

এছাড়া বিকেল পাঁচটায় বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড এলাকার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী একদল পুলিশ গ্রেফতার করে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকে। মমিন উদ্দিনের আটকের বিষয়টি নিশ্চিত করেছে তাঁর শ্যালক আরিফুর রহমান।

এদিকে, বরিশাল কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতের ঘটনায় ইউএনও এবং পুলিশ বাদী হয়ে করা দুটি মামলার ১৮ জন আসামীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে৷