ডেস্ক রিপোর্ট:
উয়েফার বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় টানা দ্বিতীয়বার সেরা তিনে জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সেরা দশেও নেই নেইমার। তালিকায় সেরা তিনে চেলসির জর্জিনহো, এনগোলো কন্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে।
ইতালিকে ইউরো আর চেলসির উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন জর্জিনহো। ইউরোতে ব্যর্থ হলেও ক্লাবের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন কন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে বিশেষ ভূমিকা রাখায় সেরা তিনে স্থান পেয়েছেন লিগের সেরা খেলোয়াড় ম্যানসিটির ডি ব্রুইন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতেও রেখেছেন দারুণ ভূমিকা।
এদিকে কোপা জিতলেও ইউরোপে গত মৌসুমটা ভালো কাটেনি মেসির। চ্যাম্পিয়নস লিগে বার্সার ভরাডুবির পর স্প্যানিশ লা লিগায় তৃতীয় হয়েছিল কাতালান ক্লাবটি। আর ইতালিয়ান লিগ সিরি’আ ও ইউরোর সর্বোচ্চ গোলদাতা হলেও কোন ট্রফি জিততে পারেননি রোনালদো। এদিকে কোচের তালিকায় সেরা তিনে চেলসির থমাস টুখেল, ম্যানসিটির পেপ গার্দিওলা ও ইতালির কোচ রবার্তো মানচিনি।
নারী ফুটবলের সংক্ষিপ্ত তালিকার তিনজন মিডফিল্ডার এবং সবাই বার্সেলোনার! তারা হলেন-স্পেনের জেনিফার হেরমোসো ও অ্যালেক্সিয়া পুতেলাস এবং নেদারল্যান্ডসের লিকে মার্তেনস।
উয়েফার অধীন ক্লাবগুলোতে খেলা খেলোয়াড়েরা উয়েফার অধীন ক্লাব ও জাতীয় দলভিত্তিক টুর্নামেন্টগুলোতে আগের মৌসুমে কেমন করেছেন, সেটার ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়। ২৬ আগস্ট ইস্তাম্বুলের হালি কনভেনশন সেন্টারে চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের দিনে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগে সেরা খেলোয়াড়কেও পুরস্কার দেওয়া হবে। প্রতিটি বিভাগে মনোনীত সেরা তিনের তালিকা আগেই প্রকাশ করেছে উয়েফা।