মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিল এটা ঐতিহাসিকভাবে সত্য। খুনি মোশতাক, ডালিম ও ফারুক বঙ্গবন্ধু হত্যায় প্রকাশ্যে জড়িত থাকলেও এর পিছনে জিয়াউর রহমান কুশলী হিসেবে কাজ করেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সোমবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক খান মোঃ আবু বকর সিদ্দিকী।
এসময় আফজাল হোসেন আরো বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন থাকবে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোস, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান খান, সদস্য মোঃ মাসুদ রানা জালাল জোমাদ্দার, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্ট কালোরাতে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।
.