প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রধানমন্ত্রীর কর্তৃক ঘোষিত মডেল মসজিদটি পূর্ব প্রস্তাবিত জায়গা সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকার মুসুল্লিরা।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ মৃধা, মোঃ মতিউর রহমান, সদস্য মোঃ মতিউর রহমান খান ও এলাকাবাসীর পক্ষে মোঃ বশিরুল আলম মাস্টার প্রমুখ। এতে এলাকার প্রায় দুই শতাধিক মুসল্লী অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মির্জাগঞ্জ উপজেলার মডেল মসজিদটি নির্মানের লক্ষ্যে ২০১৯ সালে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মডেল মসজিদের প্রস্তাবিত সাইনবোর্ড স্থাপন করা হয়। যা মসজিদ সংলগ্ন এখনো বিদ্যমান রয়েছে। কিন্তু স্থানীয় জমিজমা সংক্রান্ত জটিলতায় মসজিদটি উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রামে নির্মিত হবে বলে আমরা জানতে পেরেছি। তখন থেকেই আমরা একাধিকবার মানববন্ধন করার পরেও বিষয়টির কোন সুরাহা হয়নি। প্রত্যন্ত অঞ্চলে সরকারের এত বড় দর্শনীয় ও উপকারী মসজিদ নির্মাণ করা হলে সরকারের আসল উদ্দেশ্য সম্পূর্ণভাবে ব্যাহত হবে। তাই আমরা পুর্ব প্রস্তাবিত জায়গায় জমি অধিগ্রহণ করে মডেল মসজিদটি নির্মাণের দাবি জানাই। বর্তমানে জমির মালিকরা মডেল মসজিদ নির্মাণের জন্য জমি অধিগ্রহণে অনাপত্তি দিতে রাজি আছে বলেও জানান বক্তারা।
পরে প্রায় দুই শতাধিক মুসল্লির স্বাক্ষরিত একটি স্মারকলিপি পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।