• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৩৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১, ০৪:৩৩ পূর্বাহ্ণ
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৩৩০

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৩০ জন। যা গত দুই বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ। এদের মধ্যে ২৮৪ জনই রাজধানীতে আক্রান্ত। এছাড়াও ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩ জন। ডেঙ্গু শনাক্ত প্রতি দুইশো জনের একজন শিশু। এমন পরিস্থিতির জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে দায়ী করছেন স্বাস্থ্যমন্ত্রী।

চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে।

মেয়ে মরিয়ম ডেঙ্গুতে আক্রান্ত, সাথে আছেন মা খাদিজা। মিরপুরের শাহ-আলীবাগের বাসিন্দা খাদিজা। গত ২৫ আগস্ট থেকে রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি মরিয়ম। অবস্থা ছিল সংকটাপন্ন।

গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ শিশু। যার বেশিরভাগই মিরপুরের বাসিন্দা। শিশু হাসপাতালের তথ্য বলছে, উত্তর ঢাকার ৩১৪ শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে এখানে। যার মধ্যে মিরপুরের রোগী ১৩৪ জন।

শিশু হাসপাতালের তথ্য মতে, গত দুই মাসে এখানে চিকিৎসা নিয়েছে প্রায় পাঁচশ শিশু। যার মধ্যে আইসিইউ লেগেছে ৩৬ জনের। মৃত্যু হয়েছে ৭ শিশুর।

তাবে স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করলেও পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেনি সিটি করপোরেশন। যার কারণে ডেঙ্গু ভয়াভহ আকার ধারণ করে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী।

৩১ হাসপাতালের তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩৩০ জন। যার মধ্যে ঢাকাতেই শনাক্ত ২৮৪ জন। নতুন আরও ৩ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৮ জনে।