বাবুগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ জন অাহত হবার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কে পার্শবর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে।
জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে পরিকল্পিত ভাবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সামসুল হক ও তার দুই ছেলেকে বেদম পিটিয়ে জখম করেছে একই এলাকার সামছুল হকের নেতৃত্বে প্রতিপক্ষরা এমন অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় বীর মুক্তিযোদ্ধা সামসুল হক কে বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে প্রতিপক্ষ ফরিদ উদ্দিন হাওলাদার, মেহেদী হাসান, ইমাম হোসেন, কাউসার হোসেন হাওলাদার, ঈয়ামিন হাওলাদার, আনোয়ার হাওলাদার ও ডালিম হাওলাদার, নুরুজ্জামান ও কামরুজ্জামান হাওলাদার গংরা মারধর করলে তিনি দৌড়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম মিজানুর রহমানের বসত ঘরে আশ্রয় নেয়।
মারধরের এমন ঘটনা বীর মুক্তিযোদ্ধার ছেলেরা শুনতে পেয়ে বাবাকে উদ্ধারের জন্য ছুটে আসলেও তাদেরকেও পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মাষ্টারের বসতে ঘরে বেড়াতে আসা বোন মোসা: রানু বেগম (৭০) ও মেয়ে অাফসানা মিমি কেও মারধর করা হয়। এতে রানু বেগমের মাথা ফেটে যায়। স্থানীয়রা ডাক চিৎকার শুনে দৌড়ে এলে ফরিদ উদ্দিন তার দলবল নিয়ে পালিয়ে যায়।
আহতদের উদ্বার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষের হাত থেকে রক্ষা পেতে আমার ঘরে আশ্রয় নেয় বীর মুক্তিযোদ্ধা। প্রতিপক্ষরা আমার বসত ঘরের ভিতরে ঢুকে এ সময় সামসুল হক ও অামার বৃদ্ধা বোনকে বেদম মারধর করে। এতে তাদের মাথা ফেটে যায়। অাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতেই ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানানোর পর আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন।