ডেস্ক রিপোর্ট:
ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্ম। আর এখন তিনি নিজেই ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের।
পরে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন কাদের। এসময় তিনি বলেন, “দেশের মানুষের কল্যাণের জন্য শেখ হাসিনা সংগ্রাম করছেন”।
বিএনপিকে নির্বাচনের জন্য নিজেদের নেতার নাম ঘোষণা করতে হবে মন্তব্য করে ওবায়দুর কাদের বলেন, দণ্ডিত ও পলাতক আসামিকে কেউ নেতা হিসেবে মেনে নেবেনা। বিশ্বের অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয়, এদেশেও একইভাবে সময়মত ও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এর ব্যত্যয় করার চেষ্টা করলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেয়া হবে।
এসময়, আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের নিজেদের বিভেদ ভুলে কাজ করতে হবে বলেও জানান তিনি। কাদের বলেন, “বসন্তের কোকিল ও বিদ্রোহীরা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না”।
এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশের ব্যাপক উন্নয়ন দেখে পাকিস্তান এখন দীর্ঘশ্বাস ফেলে, এটা প্রধানমন্ত্রীর অর্জন”।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অন্য এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্পীকার শিরিন শারমিন চৌধুরী বলেন, “জনগণের ভালবাসা ও আস্থা নিয়েই প্রধানমন্ত্রী দায়িত্বে এসেছেন। জনগনের ভাগ্য উন্নয়নেই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আর্ন্তজাতিক বিভিন্ন ফোরামে তিনি সম্মানিত হয়েছেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে জোরালো বক্তব্য রেখেছেন”।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার আজ ২৮ সেপ্টেম্বর ৭৫তম জন্মদিন।। চার দশক ধরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।