• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৫, ২০২১, ১৬:৩০ অপরাহ্ণ
নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা গ্রেফতার

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে (২৯) গ্রেফতার করা হয়েছে। প্রতারণার মামলায় তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে।

মঙ্গলবার রাতে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানী দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সোমবার নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেফতার করে সিআইডির একটি টিম।

ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ও ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী ফতুল্লা থানায় বাদী হয়ে মামলা করেন। মামলার অন্য আসামিদের সিআইডি কর্তৃক গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিরাপদ ডটকম নামে অনলাইন প্লাটফর্মে ৫০ শতাংশ ডিসকাউন্টের বিজ্ঞাপন দেখে গত বছরের ২২ অক্টোবর ১৪ হাজার ৯৯ টাকা বিকাশে অগ্রিম দিয়ে একটি মোবাইল অর্ডার করেন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি দেওলপাড়া এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ফাহিম হোসেন (২১)। তবে তা দিতে ব্যর্থ হয় নিরাপদ ডটকম। এরপর টাকা ফেরত চাইলে নিরাপদ ডটকমের পক্ষ থেকে একটি ভুয়া চেক দিয়ে শাহরিয়ার খান ও ফারহানা আফরোজ এ্যানি তাদের মোবাইল ফোন বন্ধ রাখেন। এছাড়াও নিরাপদ ডটকম নামে অনলাইনের ক্রেতা আল মামুনের কাছ থেকে ৩০ হাজার ৫৮০ টাকা, মুশরিফুল ইসলামের কাছ থেকে ১০ হাজার টাকা ও নুরুল আলমের কাছ থেকে ৬০ হাজার ৭২৫ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে।