• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ১২শ কেজি ইলিশ জব্দ, ১২ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১, ১২:৩৭ অপরাহ্ণ
ভোলায় ১২শ কেজি ইলিশ জব্দ, ১২ জেলেকে জরিমানা

ভোলা সদর প্রতিনিধি।।

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণের দায়ে ১২ জেলের জরিমানা এবং ১ জেলের ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও অভিযানকালে তাদের কাছ থেকে ১২০০ কেজি ইলিশ এবং বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বুধবার (০৬ অক্টোবর) দুপুরে জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় অভিযানের প্রথম দিন ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর সকাল ৭টা পর্যন্ত ভোলার চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে এক আড়তদারসহ ১১ জেলে ও মেঘনা নদী থেকে ১ জেলেসহ মোট ১২ জেলেকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে এক জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়াও জেলার ৭ উপজেলায় অভিযান পরিচালনা করে ৬২ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পাশাপাশি গতকাল বিকেলে ভোলার চরফ্যাশনে মেঘনা নদী থেকে ১ টন ইলিশ বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়। রাতে বিভিন্ন উপজেলায় আরও ২০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস.এম. আজহারুল ইসলাম বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞার মধ্যে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ নিষেধাজ্ঞা পালনের জন্য জেলা মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ১২ জেলেকে জরিমানা, এক জনের কারাদণ্ড, ৬২ হাজার ৯০০ মিটার অবৈধ জাল ও ১২০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ভোলার নদীতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জেলার ৭ উপজেলায় ২৪টি টিমে উপজেলা প্রশাসন, পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড এক যোগে কাজ করছে ।