প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে পঞ্চম শ্রেনির এক ছাত্রীকে(১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে সুমন খান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর মা শারমিন বেগম বাদী হয়ে শনিবার (৯ অক্টোবর) মির্জাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত সুমন খান উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং গ্রামের আজিজ খানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী ভয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির ছাত্রী। সে ভয়াং বাজারে তার খালার বাসায় থেকে লেখাপড়া করে। গতকাল শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে ভূক্তভোগীর খালা বাসায় না থাকায় সুমন খান ওই বাসায় ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সুমন খান দৌড়ে পালিয়ে যায়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, এ ব্যাপারে মির্জাগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি নিয়মিত মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।