বিতর্ক শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার বিকাশে অসাধারণ কাজ করে। বাচিক শিল্পের এই ধারাটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে খুবই কার্যকরী। শিক্ষণ পরিকল্পনায় বিতর্ক একটি অন্যতম কৌশল হিসেবে বিশ্বব্যাপী সমাদ্রিত। বরিশাল সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
আজ রোববার সকাল ১১টায় কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম লজিক-একটি বিতর্ক ক্লাব (এলডিসির) এর বিতার্কিকদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় শিক্ষার কৌশল হিসেবে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক (শিক্ষা) মোহাম্মদ আনিসুর রহমান, সহকারী অধ্যাপক (শিক্ষা) মোঃ মাহবুব আলী, প্রভাষক (ভূগোল) বিউটি বিশ্বাস, প্রভাষক (শিক্ষা) মৃদুল কুমার সাহা, প্রভাষক (শিক্ষা) মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। লজিক-একটি বিতর্ক ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের এবং সাধারণ সম্পাদক ইনজামুল সাফিন বিতর্ক ক্লাবের বিগত দিনের সাফল্যের বিষয়ে নবনিযুক্ত অধ্যক্ষকে অবহিত করেন।