• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২১, ০৮:৪০ পূর্বাহ্ণ
মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। এ ঘটনার পর ছেলে মমিন দেওয়ান (৪২) পালিয়ে যায়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হত্যাকারীর ছবি দেখে স্থানীয় জনতা ঘাতক ছেলেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বলে জানা গেছে।বুধবার ভোরে পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম ফরিদগঞ্জ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী।

জানা গেছে, মমিন দেওয়ান বুধবার ভোরে তার মা মনোয়ারা বেগমের ঘরে ঢুকে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক ঘাতক মমিনকে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘাতকের ছবি পোস্ট করে থানার ওসি। ফলে সকালে পৌর এলাকার ভাটিরগাঁও গ্রামে তাকে হাঁটতে দেখে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মমিনের ভাগিনা আশিক জানান, নানি মনোয়ারা বেগম ও তার বোনকে মামা মমিন প্রায়ই মেরে ফেলার হুমকি দিতেন।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. শহিদ হোসেন জানান, মাকে কুপিয়ে হত্যার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। অন্যদিকে তাকে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলে ভাটিরগাঁও এলাকা থেকে স্থানীয়দের মাধ্যমে আটক করেন।
ঘাতক মমিন ইতিপূর্বে একটি হত্যা মামলার আসামি।

তিন মাস আগে সে জেল থেকে জামিনে বেরিয়ে আসে। সেই থেকে সে মা ও তার ভাগ্নিকে হত্যার হুমকি দিত। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।