মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক নাসির মুন্সি (৫০) এর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে ওই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান বাবলু ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ।
মশিউর রহমান বাবলু ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নৌকা মনোনীত প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলুর ছোট ভাই।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার কাঠালতলী বাজার সংলগ্ন বাসষ্ট্যান্ড এলাকায়।
আহত নাসির মুন্সি ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও উত্তর মাধবখালী গ্রামের হাতেম আলী মুন্সির ছেলে।
বিদ্রোহী প্রার্থীর সমর্থক আহত নাসির মুন্সি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পরে মাধবখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রার্থীর মনিরুল ইসলাম তালুকদারের মুন্সিরহাটে একটি নির্বাচনি সভা শেষে আমি (নাসির মুন্সি) কাঠালতলী বাসষ্ট্যান্ড এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। এ সময় নৌকার প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলুর ছোট ভাই মশিউর রহমান বাবলু ও তার সাঙ্গপাঙ্গ জাহাঙ্গীর মেম্বার, শাকিল ও নাসিরসহ দশ থেকে পনেরো জন লোক এসে আমাকে পিটিয়ে গুরুতরভাবে আহত করে এবং বলতে থাকে নৌকার বিপক্ষে কেউ মিছিল-মিটিং করলে তার হাত-পায়ের রগ কেটে দেওয়া হবে।
পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এখানেই আমি চিকিৎসাধীন আছি।
এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার জানান, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলু ও তার গুন্ডা বাহিনী দিয়ে আমার এক সমর্থককে মারধর করে এবং আমার নিবার্চনী সভায় না আাসার জন্য লোকজনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকী-ধামকী দিচ্ছে।
এ বিষয়ে ওই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও নৌকা মনোনীত প্রার্থী কাজী মিজানুর রহমান লাভলু বলেন, আমার ছোট ভাই তাকে কোন মারধর করেনি। নৌকার বিরোধীতা করায় নাসির মুন্সিকে আমার সমর্থকরা দু-একটি চর থাপ্পর দিয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।