মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়ামে মাদক, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও কোভিড-১৯ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখার উপায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা, যুব উন্নয়ন কর্মকর্তা সুনীল কুমার রায়, ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক প্রমুখ।
পরে ১১ জন যুবক যুবতীর মধ্যে ৫ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ, সনদপত্র বিতরণ ও প্রশিক্ষনার্থীদের যাতায়াত ভাতা প্রদান এবং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।