বরিশাল ব্যুরো
বরিশালে ভরণপোষণ না দেয়ায় সন্তানের বিরুদ্ধে মামলা করা সেই অসুস্থ বৃদ্ধা মায়ের পাশে দাড়ালেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় তিনি অসহায় ওই মাকে অর্ধ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। সোমবার রাতে নগরীর বৈদ্যপাড়ায় বৃদ্ধা জাহানূর বেগমের ভাড়া বাসায় গিয়ে তার সাথে দেখা এবং সমাজসেবা অধিদপ্তরের জটিল রোগে সহায়তা কর্মসূচির আওতায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, এনডিসি নাজমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তারা। ওই বাড়িতে গিয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অসুস্থ জাহানূর বেগমের বড় সন্তান সবুর হাওলাদার ও ছোট মেয়ে সাহিদা আক্তারের কাছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। একই সাথে তার সম্পত্তি বিক্রি নিয়ে অন্যান্য সন্তানের সাথে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
প্রসংগত, ৪ সন্তানের মধ্যে ২ সন্তান ভরনপোষন না দেয়ার অভিযোগ এনে গত ২৮ অক্টোবর জাহানূর বেগমের পক্ষে বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে অভিযোগ দায়ের করা হয়। অসুস্থতার জন্য বৃদ্ধা জাহানুর আদালতে আসতে না পারায় আদালতের বিচারক মোঃ মাসুম বিল্লাহ নিজে তার বাসায় গিয়ে জবানবন্দি গ্রহণ করে মামলা আমলে নিয়ে ওই দুই সন্তানের বিরুদ্ধে সমন জারীর নির্দেশ দেন।