প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী ৭৮টি আসনের বিপরীতে মোট ২৮৩ জন প্রার্থী ভোটের মাঠে লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। এ উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা গত ১৪ অক্টোবর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত মঙ্গলবার পর্যন্ত ১নং মাধবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য ৩৪ জন ও সংরক্ষিত নারী আসনে ১০ জন, ২নং মির্জাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য ৩৪ জন ও নারী আসনের ৮ জন, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য ৩৩ জন ও সংরক্ষিত নারী আসনের ৯ জন, ৪নং দেউলী সুবিদখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য ৩৫ জন ও সংরক্ষিত নারী আসনের ১২ জন, ৫ নং কাকড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য ৩০ জন ও সংরক্ষিত নারী আসনের ১৩ জন ও ৬ নং মজিদবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য ২৭ জন ও সংরক্ষিত নারী আসনের ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের ৬ জন প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত হাতপাখা প্রতিকের ৬ জন দলীয় প্রার্থী রয়েছে। বাকি ১৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৬ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১০ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে বলে জানা যায়।
আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৩ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন- মাধবখালী ও মির্জাগঞ্জ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, আমড়াগাছিয়া ও দেউলী সুবিদখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন এবং কাকড়াবুনিয়া ও মজিদবাড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়াও সাধারণ সদস্য ১৯৩ জন ও সংরক্ষিত নারী আসনের বিপরীতে ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।’