গৌরনদী প্রতিনিধি
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে পাঁচ ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রের তিনশ’ ১১টি কক্ষে বিকাল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে বিরামহীন ভাবে চলবে ভোট গ্রহন। সকাল থেকেই প্রতিটা ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। তবে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। তরুন ভোটারদের পাশাপাশি প্রবীন ও প্রতিবন্ধী ভোটাররা স্বজনদের সাথে এসেছেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোঃ সহিদউল্যাহ জানান, প্রতিটি ভোট কেন্দ্রে আটজন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইটি ষ্ট্র্যাইকিং ফোর্স, ১৬টি মোবাইল টিম ও র্যাব সদস্যরা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, পাঁচ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হওয়ায় সাধারন সদস্য পদে ১৯৬ প্রার্থী ও সংরক্ষিত আসনে ৫১ জন মোট ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।