• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন নৌকার প্রার্থী মাহবুব আলম স্বপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১, ১১:৫০ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন নৌকার প্রার্থী মাহবুব আলম স্বপন

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহবুব আলম স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। ওই ইউনিয়নে তিনি ছাড়া বাকি সকল চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এখন তিনি ছাড়া আর কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই।

দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কাকড়াবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং ওই পাঁচ জনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী একেএম মোজাম্মেল হক (৬ নভেম্বর), মোঃ মাজহারুল ইসলাম রাজা (৭ নভেম্বর), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শানু (৮ নভেম্বর) এবং সর্বশেষ স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম (১১ ই নভেম্বর) তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন এই ইউনিয়নে চেয়ারম্যান পদে একমাত্র আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃ মাহবুব আলম স্বপন রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাকড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় মোঃ মাহবুব আলম স্বপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।