প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার সংলগ্ন পূর্ব সুবিদখালী গ্রামের মোঃ শামসুল হক নামে এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার বসত ভিটা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ব্যবসায়ী শামসুল হকের স্ত্রী মোসাঃ মেরিনা পারভীন বাদী হয়ে একই গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে মোঃ মানিক হাওলাদার ও মৃত আজিজ ফকিরের ছেলে মোঃ আতিক কে আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, মানিক হাওলাদার ও আতিক দীর্ঘদিন যাবত ব্যবসায়ী মোঃ শামসুল হকের ভোগ দখলীয় এক খন্ড সম্পত্তি অবৈধভাবে দখল নেয়ার পায়তারা করে আসছিল এবং বিভিন্ন সময়ে ব্যবসায়ী শামসুল হককে মারধরসহ নানাভাবে ভয়-ভীতি প্রদান করে। এরই জেরে গত ৯ নভেম্বর রাতে শামসুল হক তার বাসার পিছনে টিউবলের কাছে যাওয়া মাত্রই মানিক ও আতিক আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে এবং জমিজমা ও বসতভিটা ছেড়ে চলে যাওয়ার হুমকি প্রদান করে। যদি বসতভিটা ছেড়ে চলে না যায় তাহলে তাকে ও তার পরিবারের লোকজনকে খুন করারও হুমকি দেয় তারা।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মানিক হাওলাদার ও মোঃ আতিক বলেন, আমরা তাকে কোনো ভয়-ভীতি দেখাইনি। সে (মেরিনা পারভীন) যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।