প্রতিনিধি, বেতাগী (বরগুনা)
বেতাগী পৌর বাজারে বারোমাস সবজি বিক্রি করেন দুলাল হোসেন হোসেন। তাঁর দোকানে এখন শীতের আগাম সবজিই বেশি। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে তার সবজি দোকানে শিম কিনতে আসেন মিজানুর রহমান নামে এক ক্রেতা। তাঁর কাছে দুলাল এক কেজি শিমের দাম চাইলেন ১৫০ টাকা। সাফ বলে দিলেন, ‘এক দাম’। দর–কষাকষি করা যাবে না।
এককেজি শিমের এত দাম কেন হবে, তা মানতে পারছিলেন না ক্রেতা মিজানুর রহমান। তিনি বললেন, শীতকালীন নতুন শিম কিনতে হয়েছে ১৫০ টাকা কেজিতে। শীতের সবজির দাম এখন কমার কথা। কমার বদলে উল্টো হু হু করে দাম বাড়ছে।
বেতাগী উপজেলার পৌর বাজার, জলিশা বাজার, চান্দখালী বাজারসহ বড় কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, মৌসুম না এলেও বাজারে উঠেছে শীতকালিন বেশ কিছু সবজি। এরমধ্যে রয়েছে, টমেটো, শিম, ফুলকপি, গাজরসহ বেশি কিছু সবজি। কিন্তু দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বাজারে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। গাঁজর প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, কোনো কোনো দোকানে মানভেদে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়ও। বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, শিম প্রতিকেজি ১৫০ থেকে ১৬০ টাকা, শসা ৫০ টাকা, পটল ৫০, কাঁচা মরিচ ১২০ টাকা, টমেটো ১৪০ টাকা, মূলা ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, কাঁচকলা প্রতিহালি ৪০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, লাউ প্রতিপিস ৭০ থেকে ৯০ টাকায়, মিষ্টি কুমড়া কাটা এক ফালি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেতাগী পৌর বাজারে বাজার করতে আসা শাহ আলম বলেন, ‘শীতকালে বাজারে পর্যাপ্ত সবজি আসলেও দাম কমেনি। বাজারে এমন কোনো সবজি নেই বাজারে যার দাম ৫০ টাকার নিচে। প্রতিদিন বাজারে অতিরিক্ত টাকা দিয়ে বাজার করতে হচ্ছে। যাঁদের আয় নির্দিষ্ট, তাদের জন্য এভাবে চলা কষ্টের।’
এই বাজারের সবজি বিক্রেতা মো. মামুন বলেন, শীতের নতুন সবজি ওঠার আগ পর্যন্ত সবজির দাম একটু বেশিই থাকবে। ক্ষেতের শেষ ফসল এগুলো, তাই চাহিদার তুলনায় মালের ঘাটতি আছে। আমাদের এসব সবজি কেনার সময় সব ধরনের সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে। কেনার পর নানা ধরনের খরচ রয়েছে বাজারে। সব মিলিয়ে আমরা এসে যখন খুচরা দামে সবজি বিক্রি করছি তখন এ দামটা আরো বেড়ে যাচ্ছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, ‘কাঁচা বাজারসহ সব ধরনের নিত্য পণ্যের দাম মনিটরিং অব্যাহত রয়েছে। অহেতুক অজুহাতে ব্যবসায়ীরা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।