• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে সুজন-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১২, ২০২১, ০৯:০৯ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে সুজন-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে দেশের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘বৈচিত্র্যের মাঝে ঐক্যের চেতনা ধারণ করি, গণতান্ত্রিক-মানবিক বাংলাদেশ গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ নভেম্বর) বাবুগঞ্জ উপজেলা সুজন কমিটির উদ্যোগে বিআরডিবি হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর ওই আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সৎ ও দুর্নীতিমুক্ত মানুষ হিসেবে পরিচিত বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। উপজেলা সুজন কমিটির সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ করিম লাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং খানপুরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আ.জ.ম শামসুল আলম।
এসময় সুজন সদস্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজের প্রভাষক মহিদুল ইসলাম জামাল, মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন বরিশাল জেলা সম্পাদক মনিরুজ্জামান খোকন, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আবু হানিফ ফকির, ডিক্রিরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক শাহিন মাহমুদ, বাবুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সাইফুল রহিম, বিমানবন্দর প্রেসক্লাব সম্পাদক রোকন মিয়া প্রমুখ।
সুজন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন সুজন কমিটির সভাপতি হারুন-অর-রশীদ, চাঁদপাশা ইউনিয়ন সভাপতি আবদুল মান্নান ফকির, দেহেরগতি ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান মাস্টার, মাধবপাশা ইউনিয়ন সভাপতি ইয়াকুব আলী মাঝি, রহমতপুর ইউপি সদস্য হেলেনা বেগম রহিমা, বিমানবন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক মহিউদ্দিন খান রানা, নির্বাহী সদস্য আল-আমীন হাওলাদার, ছাত্রসমাজ নেতা শাকিল মাহমুদ হৃদয়, ইয়ুথ লিডার লিমা আক্তার যুথি প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল বলেন, ‘২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই এদেশে গণমানুষের অধিকার রক্ষায় এবং সুশাসন প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে আসছে সুজন। বিভিন্ন সময়ে সুজনের বিভিন্ন প্রগতিশীল আন্দোলন এবং দাবিদাওয়ার ফসল হিসেবে আজকে আমরা ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, স্মার্ট জাতীয় পরিচয়পত্র, ইভিএম এবং তথ্য অধিকার আইন পেয়েছি। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে সুজন সবসময় সহযোগিতা করবে বলে আমি প্রত্যাশা করি।’ #