মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নিদের্শনা উপেক্ষা করে প্রার্থী হওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত এক পত্রে তাদের আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
আওয়ামী লীগের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন, মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ১নং মাধবখালি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আঃ মালেক আকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের আরেক চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার নাসির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বাবুল মল্লিক এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ হাওলাদার।
মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারি এসব তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী ৪৭ ধারার বিধানমতে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ কে সকল পদ পদবী হতে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।