• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২১, ০৯:৫৪ পূর্বাহ্ণ
বাবুগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ নভেম্বরে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বরিশাল রাকিবুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান,
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার, বাবুগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ মাহবুবুর রহমান,
বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলামসহ এ সময় উক্ত নির্বাচনের সকল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থীবৃন্দ, সাধারণ সদস্য পদপ্রার্থীবৃন্দ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থীবৃন্দ এ মতবিনিময় সভায় চলমান নির্বাচন সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। সভায় সম্মানিত অতিথিবৃন্দ চলমান এ নির্বাচন নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সার্বিক দিক নির্দেশনা ও করণীয় সম্পর্কে উপস্থিত প্রার্থীদের পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি জনাব মোঃ নুরুল আলম এ নির্বাচনে ইভিএম মেশিনের ব্যবহার সম্পর্কে প্রার্থীদের অবহিত করেন এবং সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে পরিপালন করার জন্য অনুরোধ করেন।

এ সভার প্রধান অতিথি জনাব রাকিবুর রহমান খান তার বক্তব্যে বলেন যে, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, বরিশাল বদ্ধপরিকর। কেউ আচরণ বিধি লংঘন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে পরিপালন করার জন্য অনুরোধ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর থাকার জন্য নির্দেশনা প্রদান করেন।