• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ব্যবসায়ী মাসুদ সিকদারের নামে অপপ্রচার করায় জিয়া ও মেহেদীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ব্যবসায়ী মাসুদ সিকদারের নামে অপপ্রচার করায় জিয়া ও মেহেদীর বিরুদ্ধে মামলা

বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জে ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাসুদ সিকদারের বিরুদ্ধে মানহানিকর বিভ্রান্তি সৃষ্টিকারী অপপ্রচারসহ কাল্পনিক ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবমূর্তি নষ্টের জন্য ফেসবুকে পোস্ট দেয়ায় বরিশালের সাইবার ট্রাইবুনালে জিয়াউল হক আকন ও খান মোঃ মেহেদীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং-৪৮/২০২১ ।

২৯ নভেম্বর ২০২১ তারিখ রবিবার জিয়াউক হক আকন ও খান মোঃ মেহেদীর বিরুদ্ধে ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাসুদ সিকদার বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।

মামলায় আসামীরা হলেন বাকেরগঞ্জের সিনেমাহল এলাকার মোতাহার আকনের পুত্র জিয়াউল হক আকন ও ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের মোঃ হেলাল খানের পুত্র খান মোঃ মেহেদী।

মামলায় উল্লেখ করা হয় আসামীরা এক দলীয় ও অসৎ প্রকৃতির লোক। আসামীরা ফেসবুকে নিজের নামে ও ফেক আইডি খুলে তার নামে ভিত্তিহীন ও বানোয়াট কথা লিখে পোস্ট দিয়ে সন্মানহানি করেছেন।

সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারা মামলা আমলে নিয়ে বাকেরগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেছেন।

এ ব্যাপারে মামলার বাদী মোঃ মাসুদ সিকদার বলেন, তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক। গত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নিবাচনে তিনি কলসকাঠী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার বিরুদ্ধে কাল্পনিক মনগড়া, অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে আসামীরা তাদের ফেসবুক আইডিতে তার ছবিসহ মনগড়া লেখা পোস্ট করেছে, যাতে তিনি মর্মাহত।

তিনি আরও বলেন, মামলা দায়েরের আগে থেকেই আসামীরা ফেসবুকে অপপ্রচার করাসহ তাকে হত্যা চেষ্টার পরিকল্পনা করে চলেছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।