গৌরনদী প্রতিনিধি \ ভূয়া এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত এলাকাবাসীর সাথে প্রতারনা করায় রফিকুল ইসলাম নামের এক হাতুরে চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত রফিকুল শেরপুর জেলা সদরের নলবাইদ গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে। এছাড়াও ভূয়া চিকিৎসককে আশ্রয় দেয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে টরকী বন্দরের আনোয়ারা মেডিকেল হলের মালিক মোঃ শহীদুল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা অনদায়ে ২০ দিনের কারাদন্ডের রায় প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেছেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্স। এরআগে ভূয়া চিকিৎসক রফিকুলকে উপজেলার টরকী বন্দর সংলগ্ন নীলখোলা এলাকা থেকে আটক করে এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, রফিকুল ইসলাম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ও সাইনবোর্ডসহ প্যাডে এমবিবিএস চিকিৎসক লিখে টরকী বন্দরে আনোয়ারা মেডিকেল হলে দীর্ঘদিন থেকে এলাকার সাধারণ রোগীদের চিকিৎসা সেবার নামে প্রতারনা করে আসছিলো। প্রতারনার মাধ্যমে অর্থ উপার্জনের জন্য সে দীর্ঘদিন থেকে টরকীর নীলখোলা নামক এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলো।