• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের মাসে বরিশালে লাল-সবুজের ফেরিওয়ালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১, ১৯:২৭ অপরাহ্ণ
বিজয়ের মাসে বরিশালে লাল-সবুজের ফেরিওয়ালা

দেশজুড়ে এখন বিজয় উল্লাস, মহান বিজয় দিবস উদ্যাপনের অপেক্ষায় জাতি। মুক্তিকামী বাঙালি তাদের বুকের তাজা রক্তের বিনিময় এ মাসেই ছিনিয়ে এনেছিল বিজয়। বিজয়ের এ মাস স্মরণীয় করে রাখতে দেশের সব শ্রেণি-পেশার মানুষের হাতে একটি করে লাল-সবুজের পতাকা পৌঁছে দিতে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটছে লাল-সবুজের ফেরিওয়ালারা।

এরই ধারাবাহিকতায় বিজয়ের এ মাসে বরিশালের অলিগলি ও স্কুল-কলেজের সম্মুখ স্থানসহ সব গ্রামের হাটবাজারে পতাকা বিক্রি করতে দেখা গেছে কিছু মৌসুমি ব্যবসায়ীকে। গতকাল দেখা যায়, বরিশাল শহরের কাকলির মোড়ে একটি বাঁশের সঙ্গে ছোট-বড় লাল-সবুজের পতাকা বেঁধে বিক্রি করছেন আব্দুল সালাম নামের এক বৃদ্ধ। লাল-সবুজের এ ফেরিওয়ালার কাছ থেকে বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকে। বছরের অন্য মাসে তিনি মৌসুমি ব্যবসায়ী হলেও এ মাসের জন্য লাল-সবুজের ফেরিওয়ালা হিসেবেই তার পরিচয়। আব্দুল সালামের বয়স ৫০ বছর। কিন্তু ২৫ বছর বয়স থেকেই তিনি এই পতাকা বিক্রি করে যাচ্ছেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।

সালামের মতো লাল-সবুজের ফেরিওয়ালার পথচলায় বর্ণিল হয়ে উঠেছে বরিশাল শহরের পথঘাট। মাইলের পর মাইল হেঁটে মানুষের হাতে হাতে তারা পৌঁছে দিচ্ছেন একটি জাতীয় পতাকা। এ যেন আত্মার টান। শুধু ডিসেম্বরের শুরু থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলে এ লাল-সবুজ পতাকা বিক্রি।

লাখো শহীদের রক্তের বিনিময়ে এ বিজয়, তাই ডিসেম্বর এলেই শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয় জাতীয় পতাকা বিক্রির ধুম। বিজয় দিবসে দেশের সব জায়গায় সরকারি-বেসরকারি স্থাপনার পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও দেখা যায় বিজয় নিশান বাংলাদেশের জাতীয় পতাকা।

পতাকা বিক্রেতা সালাম বলেন, ‘আমি শুধু লাভের জন্য নয়, দেশপ্রেম থেকেই পতাকা বিক্রি করি। ডিসেম্বর মাস এলেই আমি অন্য কাজ ছেড়ে দিয়ে ঢাকা থেকে বিভিন্ন মাপের পতাকা কিনে এনে বিভিন্ন শহরে বিক্রি করি।’

তিনি আরও বলেন, একেবারে ছোট পতাকা ২০ টাকা থেকে শুরু হয়ে মাপ অনুযায়ী ৪০, ৫০, ১০০ থেকে ৫০০ টাকায় পর্যন্ত বিক্রি করা হয়। ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত পতাকা বিক্রি করে আমার ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হয়। সব মানুষের হাতে একটি করে লাল-সবুজের পতাকা দিতে পারলে তার সার্থকতা আসবে বলেও তিনি জানান।
সূত্র ঃশেয়ার বিজ